‘গেম অব থ্রোনস’ ভক্তদের জন্য রয়েছে সুখবর। দীর্ঘ অপেক্ষা কাটিয়ে এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় এই ফ্যান্টাসি ফ্র্যাঞ্চাইজি। ‘গেম অব থ্রোনস: এগন’স কনকোয়েস্ট’ নামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা করেছে ওয়ার্নার ব্রাদার্স। ২০২৯ সালের ১ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি।
সিনেমাটি পরিচালনা করবেন ওয়েন হ্যারিস। চিত্রনাট্য লিখছেন বিউ উইলিমন। জর্জ আর আর মার্টিনের বিখ্যাত উপন্যাসমালা ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’–এর জগৎ থেকেই নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র।
এবারের গল্পে দর্শক ফিরে যাবেন টারগারিয়েন রাজবংশের শাসনের শুরুর সময়ে। রাজা এগন প্রথমের ওয়েস্টেরস জয় এবং কীভাবে গড়ে উঠেছিল বিখ্যাত ‘আয়রন থ্রোন‘ সেই ইতিহাসই উঠে আসবে সিনেমায়।
চলতি বছরের শুরুতে সিনেমাকনের মঞ্চে চলচ্চিত্রটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছিল ওয়ার্নার ব্রাদার্স। এবার প্রকাশ করা হলো মুক্তির তারিখ।

বড় পর্দায় ‘গেম অব থ্রোনস’ আনার পরিকল্পনা অবশ্য নতুন নয়। ২০১৩ সালে, এইচবিওর জনপ্রিয় সিরিজটি প্রচার শুরুর ২ বছর পর, নির্মাতা ডেভিড বেনিওফ ও ড্যান ওয়েইস সিরিজটির সমাপ্তি ৩টি সিনেমার মাধ্যমে করার প্রস্তাব দিয়েছিলেন বলে জানা যায়। তবে শেষ পর্যন্ত সিনেমা নয়, আট সিজনেই শেষ হয় সিরিজটি। ২০১৯ সালের মে মাসে প্রচারিত হয় এর শেষ সিজন।
তবে টেলিভিশনে থেমে থাকেনি ‘গেম অব থ্রোনস’–এর কল্পজগত। চলতি গ্রীষ্মে প্রচারিত হয়েছে ‘হাউস অব দ্য ড্রাগন’–এর তৃতীয় সিজন। পাশাপাশি ‘আ নাইট অব দ্য সেভেন কিংডমস’–এর দ্বিতীয় সিজন আগামী বছর ফিরবে বলে আশা করা হচ্ছে।
নির্মাতা ও চিত্রনাট্যকার দুজনেরই রয়েছে উল্লেখযোগ্য কাজের অভিজ্ঞতা। ওয়েন হ্যারিস ‘আ নাইট অব দ্য সেভেন কিংডমস’, ‘ব্ল্যাক মিরর’ ও ‘মিসেস ডেভিস’–এর মতো সিরিজে কাজ করেছেন। অন্যদিকে, বিউ উইলিমন ‘হাউস অব কার্ডস’–এর নির্মাতা। পাশাপাশি ‘স্টার ওয়ার্স’ ফ্র্যাঞ্চাইজির ‘অ্যান্ডর’ সিরিজের চিত্রনাট্যকারদের একজন তিনি।
তবে ‘গেম অব থ্রোনস’–এর গল্প সিনেমায় রূপ দেওয়ার বিষয়ে শুরু থেকেই সতর্ক ছিলেন লেখক জর্জ আর আর মার্টিন।

২০১৫ সালে তিনি জানিয়েছিলেন, চলচ্চিত্রের নির্দিষ্ট সময়সীমার কারণে তার বইয়ের গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া চলচ্চিত্রটি হয়তো জন স্নো কিংবা ডেনেরিস টারগারিয়েনের মতো জনপ্রিয় কয়েকটি চরিত্রগুলোর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ার আশঙ্কার কথাও জানিয়েছিলেন জর্জ আর আর মার্টিন।
তবে সব জল্পনা পেরিয়ে এবার সেই পরিচিত কল্পজগতের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে সিনেমার পর্দায়।
আয়রন থ্রোনের জন্ম, এগন প্রথমের বিজয় আর ওয়েস্টেরসের ইতিহাস বড় পর্দায় কতটা বিস্তৃতভাবে উঠে আসে, সেটিই এখন দেখার বিষয়। এর জন্য অপেক্ষা করতে হবে ২০২৯ সালের জুন পর্যন্ত।
এসএ