
গাজীপুরে ফের অবরোধের চেষ্টা শ্রমিকদের, টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ

গাজীপুরের শ্রীপুরে বেতন বাড়ানোর দাবিতে ফের মহাসড়ক অবরোধের চেষ্টার করেছে শ্রমিকরা। এ নিয়ে শ্রমিক ও পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে ।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর ও সদর উপজেলায়
ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি, বাঘের বাজার,মেম্বার বাড়ি, ভবানীপুর, ও আশপাশের এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করে পোশাক শ্রমিকরা। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোমবার সকালে যথারীতি কাজে যোগ দেয়ার জন্য শ্রীপুরে শিল্পাঞ্চরের বিভিন্ন কারখানায় যায় শ্রমিকরা। তারা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করে। পরিস্থিতি বিবেচনায় ৮ থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি পেয়ে বেশির ভাগ কারখানার শ্রমিকরা বাড়িতে চলে যায়। বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর–গড়গড়িয়া মাস্টারবাড়ি সড়ক থেকে কয়েকশ শ্রমিক লাঠিসোঠা হাতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
এসময় দায়িত্বরত আনসার ব্যাটালিয়ান সদস্য, গাজীপুর শিল্প পুলিশ, গাজীপুর জেলা পুলিশ তাদের মহাসড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করেন। তারা অনুরোধ উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে। এসময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে মহাসড়ক সরিয়ে দেয়।
এসময় শ্রমিকরা মহাসড়কের আশপাশের গলিতে অবস্থান নিয়ে ফের পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে। পরে পুলিশ টিয়ার শেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে। পরে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মহাসড়কে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।








