
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা বাড়বে: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আরও দুদিন বাড়ানো হচ্ছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৫ নভেম্বর আবেদন শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা ২৭ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে।’
এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো–ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. আল মোজাদ্দেদী আলফেসানীও। বিকেলেই এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
আবেদন করেছেন ২ লাখের বেশি শিক্ষার্থী
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়। সোমবার (২৩ নভেম্বর) পর্যন্ত ১২ দিনে মোট ২ লাখ ৮ হাজার ৩৩১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।








