সাংবাদিকদের ওপর হামলা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩ ছাত্রদল নেতা বহিষ্কার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদল শাখার সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদকসহ ৩ নেতাকে বহিষ্কার ও ৬ জনকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সহ–সভাপতি, যুগ্ম–সাধারণ সম্পাদকসহ ৩ নেতাকে বহিষ্কার ও ৬ জনকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহ–সভাপতি পদমর্যাদার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন— আহসান হাবিব ও হাসিব হাসান, বিশাল চক্রবর্তী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ–সভাপতি আহসান হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রনেতা বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, অন্য বিজ্ঞপ্তিতে সহ–সভাপতি তাকবীর আহমেদ ইমন, বুলবুল রহমান, শরিফুল ইসলাম, ফারুক হোসেন, সহ–দপ্তর সম্পাদক শাহারিয়ার আলম এবং ছাত্রনেতা সাজুকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘন্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, রবিবার রাতে রাবি ছাত্রদলের সহ–সভাপতি আহসান হাবীবের নেতৃত্বে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীরা হামলার চালায়। এতে ৪জন সাংবাদিকসহ প্রায় ১০ জন আহত হয়।

আহতদের মধ্যে রয়েছেন— বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More