
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

২০২৬–২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৭–এর পর ভর্তি কার্যক্রমের আবেদন গ্রহণ শুরু হবে। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারির পর।
এইচএসসি‘র সম্পূরক পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ভর্তির সুযোগ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, এইচএসসি‘র সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের জন্য আমরা এ সুযোগ তৈরি করছি। জানুয়ারি ২০২৭ থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণা করবে।
তিনি বলেন, ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় ৭ লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হলেও চলতি বছর এ সংখ্যা ছয় লাখের কিছু বেশি। এ বছর উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়নের ফলে অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি। এসব শিক্ষার্থীর খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এরপর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে পাবলিক ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তির জন্য আসন রয়েছে প্রায় ৬৩ হাজার। জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসন রয়েছে ১০ লাখের বেশি। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন রয়েছে ৪ লাখের বেশি।
ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ও নিজস্ব আইনগত ক্ষমতার প্রতি শ্রদ্ধা রেখেই ভর্তি কার্যক্রমে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন ও বিধিবিধান অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। ইউজিসি এ ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয়ের ভূমিকা পালন করবে; কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপিয়ে দেওয়া হবে না।








