
সাজেকে এক নারী গুলিবিদ্ধ

খাগড়াছড়ি ও রাঙামাটির সীমান্তবর্তী সাজেক সড়কের দুর্গম শুকনোছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অরুণা চাকমা (৩০) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত শুকনোছড়া এলাকায় অরুণা চাকমার বাড়িতে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়রা দীঘিনালা সেনা জোনে নিয়ে যান।
সেখানে সেনাবাহিনীর মেডিক্যাল অফিসারদের একটি দল তাঁকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, গতকাল রাতে একজন গুলিবিদ্ধ নারীকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। তার উরুতে গুলি লেগেছিল। চিকিৎসা শেষে এখন আশংকামুক্ত।
এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে শুকনাছড়া এলাকায় এক নারী গুলিবিদ্ধ হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ হয়নি। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
এর আগে গত ৯ মে ভোরে একই এলাকায় দুর্বৃত্তদের গুলিতে কেগেরা চাকমা ওরফে লেত্তবাপ নামে ইউপিডিএফের (প্রসীতপন্থী) এক কালেক্টর নিহত হন।








