দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মিত্র হারাচ্ছেন ট্রাম্প, বাড়ছে ইরান যুদ্ধের অনিশ্চয়তা

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
মিত্র হারাচ্ছেন ট্রাম্প, বাড়ছে ইরান যুদ্ধের অনিশ্চয়তা

মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে কোণঠাসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে, রিপাবলিকান শিবিরে বাড়ছে অস্বস্তি। কিন্তু রাজনৈতিক চাপ ও শান্তি আলোচনার মধ্যেও থামেনি ইরানবিরোধী সামরিক তৎপরতা। প্রশ্ন উঠছে, পরাজয়ের ধাক্কায় কি যুদ্ধের লাগাম টানবেন ট্রাম্প, নাকি নতুন সংঘাতের ঝুঁকি আরও বাড়বে?

নির্বাচনী ধাক্কায় শুধু কংগ্রেসের নিয়ন্ত্রণই হারায়নি, নিজ দলেও বাড়ছে ট্রাম্পবিরোধী অসন্তোষ। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির আশঙ্কায়, দূরত্ব তৈরি হচ্ছে একসময়ের ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গেও।

ট্রাম্পের হোয়াইট হাউজ প্রশাসন ছাড়তে চান প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ ট্রাম্পের বেশ কয়েকজন প্রভাবশালী মিত্র। তাদের লক্ষ্য ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স নির্বাচনী বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে ইরান যুদ্ধকে সামনে এনেছেন। কট্টর ইরানবিরোধী সিনেটর টেড ক্রুজও মনে করেন, যুদ্ধ আরও সংক্ষিপ্ত হওয়া উচিত ছিল।

অর্থাৎ, ট্রাম্পের যুদ্ধনীতির বিরোধিতা এখন শুধু ডেমোক্র্যাটদের মধ্যে সীমাবদ্ধ নেই। খোদ রিপাবলিকান শিবিরেও বাড়ছে অসন্তোষ।

কিন্তু তাতে কি থামছে ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাব? কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনার উদ্যোগ চললেও, ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। খুব শিগগিরই নতুন পদক্ষেপের কথা জানা যাবে বলেও জানিয়েছেন তিনি।

তবে ট্রাম্পের সামরিক সিদ্ধান্তে লাগাম টানার সুযোগ তৈরি হতে পারে কংগ্রেসে ডেমোক্র্যাটদের বিজয়ে। বিশেষ করে যুদ্ধের অর্থায়ন বন্ধ করতে পারলে, চাপ বাড়বে হোয়াইট হাউসের ওপর।

ইরানে মার্কিন সামরিক অভিযানের অর্থায়ন বন্ধে প্রস্তাব আনার কথা জানিয়েছেন, ডেমোক্র্যাট আইনপ্রণেতা রো খান্না। প্রস্তাবটি পাস হলে যুদ্ধ পরিচালনার অর্থের জোগান আটকে যেতে পারে। ১৯৭৩ সালে ভিয়েতনাম যুদ্ধ বন্ধেও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল মার্কিন কংগ্রেস।

তবে, এখনই কিছু করতে পারছে না ডেমোক্র্যাটরা। আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের ক্ষমতা বুঝে পেতে অপেক্ষা করতে হবে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত। সেই পর্যন্ত ট্রাম্পের লাগাম টানতে হবে তার দল রিপাবলিকান পার্টিকেই।

সাইফুর রহমান শিশির/এজে/দীপ্ত সংবাদ