
আসি আসি বলে কোনো ডিসেম্বরই আপা আসবে না: নজরুল ইসলাম

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে উপজেলা বিএনপি। সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিকেলে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে সমাবেশ শেষে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।
সমাবেশে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, ‘আসি আসি বলে কোনো ডিসেম্বরই আপা আসবে না।’ তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত না করলে দেশের বড় ধরনের ক্ষতি হতে পারত। তাই দিনটি সবাইকে গভীরভাবে স্মরণ করতে হবে।
এ সময় উপজেলা বিএনপির ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








