
ঢাবি ক্যাম্পাসে ৮–৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে শিক্ষার্থী ও উপস্থিত লোকজন।
রবিবার (৮ নভেম্বর) টিএসসি, নীলক্ষেত, সিনেট ভবনের গেট, বাংলাদেশ কুয়েত–মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মাঝখানের রাস্তায়এ বিস্ফোরণ ঘটে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আটক ব্যক্তিরা হলেন— রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাঁদের মধ্যে রেজাউলের বাড়ি নাটোর জেলায়, সোহেলের বাড়ি রাজশাহী এবং নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জ জেলায়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সন্ধ্যায় টিএসসি এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন দুই ব্যক্তি। মেট্রোরেল–সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় তাঁদের আটক করা হয়। এ সময় উপস্থিত লোকজন তাঁদের মারধর করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পরে আরও একজনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন।
তিনি বলেন, সংঘবদ্ধভাবে আট থেকে নয়টা ককটেল ফোটানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি, নীলক্ষেত, সিনেট ভবনের গেটে, বাংলাদেশ কুয়েত–মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মাঝখানের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা সোয়া ছয়টা থেকে পৌনে সাতটার মধ্যে এসব ককটেল বিস্ফোরিত হয়।








