দীপ্ত নিউজ
শিক্ষা

এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণে ৩৩৩৪৯ জনের ফলাফল পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণে ৩৩৩৪৯ জনের ফলাফল পরিবর্তন
ছবি: সংগৃহীত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের পর ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া কতজন শিক্ষার্থী নতুন করে পাস করেছেন এবং কতজন জিপিএ–৫ পেয়েছেন, তা জানা যাবে বোর্ডভিত্তিক বিস্তারিত ফল থেকে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে।

এবারই প্রথম এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের ব্যবস্থা চালু করা হয়েছে। ফলে শুধু নম্বর গণনা বা যোগ–বিয়োগের ভুল সংশোধন নয়, উত্তরপত্রের মূল্যায়ন নিয়েও নতুন করে পর্যালোচনার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে, গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ–৫ পান ৪০ হাজার ৮৪ জন।