দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

চাঁদের মাটিতে আলু চাষে সফল বিজ্ঞানীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চাঁদের মাটিতে আলু চাষে সফল বিজ্ঞানীরা
ছবি: সংগৃহীত

পৃথিবী ছেড়ে চাঁদে স্থায়ী বসতি গড়ার লক্ষ্য চীন, যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোর। এজন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ খাদ্য উৎপাদন। এবার সেই চ্যালেঞ্জ মোকাবিলার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশ্বের উন্নত দেশগুলো এখন শুধু চাঁদে নভোচারী পাঠানোর মধ্যে সীমাবদ্ধ নয়, সেখানে গবেষণা কেন্দ্র ও স্থায়ী বসতি গড়ার লক্ষ্যে কাজ করছে তারা।

এই লক্ষ্য বাস্তবায়নে অন্যতম প্রতিবন্ধকতা খাবারের জোগান। কারণ চাঁদের মাটি ফসল ফলনের উপযুক্ত নয়, আবার সেখানে দীর্ঘদিনের জন্য পৃথিবী থেকে খাবার নেয়াও সম্ভব নয়।

তবে এই প্রতিবন্ধকতা কাটার এক সম্ভাবনা তৈরি হয়েছে। কৃত্রিমভাবে তৈরি চাঁদের মাটিতে সফলভাবে আলু চাষ করেছেন বিজ্ঞানীরা।

অর্থাৎ ভবিষ্যতে চাঁদে বসবাসকারী নভোচারীরা চাঁদের মাটিতেই ফসল ফলাতে পারবেন। সেই স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোল বিজ্ঞান।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় এ গবেষণা পরিচালনা করেছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। চাঁদের মাটির অনুকরণে তৈরি বিশেষ মাটিতে ‘মোডক‘ নামক এক প্রজাতির আলু চাষ করা হয়। সম্প্রতি ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি‘ সাময়িকীতে গবেষণার ফল প্রকাশিত হয়।

চাঁদের উপরিভাগ মূলত পাথরের গুঁড়া ও ধুলাবালিতে ঢাকা। বিজ্ঞানীরা এই মাটিকে ‘লুনার রেগোলিথ‘ বলেন। এতে উদ্ভিদ বৃদ্ধির প্রয়োজনীয় জৈব উপাদান ও নাইট্রোজেনের অভাব রয়েছে। এছাড়া ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতিও ফসল উৎপাদনের ক্ষেত্রে বড় বাধা।

চাঁদের মাটির অনুকরণে তৈরি ওই মিশ্রণের সঙ্গে জৈব সার মিশিয়ে পরীক্ষা চালান গবেষকরা। এতে দেখা যায়, জৈব সার ছাড়া আলুর শিকড় ও কন্দ তৈরি হয়নি। তবে ৫ শতাংশ জৈব সার মেশালে কিছু শিকড় ও ছোট আলু উৎপন্ন হয়। আর ৩০ শতাংশ জৈব সার মেশালে পৃথিবীর মাটির মতো ভালো ফলন ও বড় আলু পাওয়া যায়।

গবেষকরা বলছেন, জৈব সার গাছকে পুষ্টি জোগানোর পাশাপাশি ভারী ধাতুর ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে। প্রাথমিক পরীক্ষায় আলুগুলো খাওয়ার উপযোগী এবং পুষ্টিগুণ পৃথিবীর আলুর মতোই বলে জানা গেছে।

তবে গবেষণাটি পৃথিবীতে চাঁদের মাটির অনুকরণে তৈরি মিশ্রণে করা হয়েছে। আর তাই ভবিষ্যতে চাঁদের মাটিতে ফসল চাষে চন্দ্রপৃষ্ঠের বিকিরণ, মধ্যাকর্ষণ ও বায়ুশূন্য পরিবেশের প্রভাব এবং নিরাপত্তা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন বলছেন বিজ্ঞানীরা।

কৃত্রিমভাবে তৈরি চাঁদের মাটিতে শুধু আলু নয়, টমেটো, লেটুসসহ অন্যান্য ফসল উৎপাদনের সম্ভাবনাও খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। জৈব সার মিশিয়ে চাঁদের মাটিতে ছোলা চাষের পরীক্ষাতেও সফল হয়েছেন তারা।

গবেষকদের মতে, এই সাফল্য শুধু চাঁদে খাদ্য উৎপাদনের সম্ভাবনাই তৈরি করেনি, পৃথিবীর কৃষির জন্যও নতুন আশার সঞ্চার করেছে। বিশেষ করে অনুর্বর ও দূষিত মাটিকে চাষের উপযোগী করার প্রযুক্তি উদ্ভাবনে গবেষণাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইশরাত সুমা/এফ/দীপ্ত নিউজ