দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান ও হত্যাযজ্ঞে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণাকালে এ কথা জানান আইসিজের প্রেসিডেন্ট বিচারক ইয়াসাওয়া ইয়ুজি।

তিন ঘণ্টাব্যাপী রায় পাঠের সময় তিনি বলেন, প্রমাণে দেখা গেছে, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, এ সময় ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।

রায়ের কয়েকটি নির্দিষ্ট ঘটনায় মিয়ানমারের কর্মকাণ্ডে গণহত্যার অভিপ্রায় ছিল বলে উল্লেখ করেন আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট।

আদালত আরও বলেন, সামরিক অভিযানে সশস্ত্র বেসামরিক লোকজন অংশ নেওয়ার পরও গণহত্যার ঝুঁকি সম্পর্কে মিয়ানমারের সচেতন থাকা উচিত ছিল। গণহত্যা প্রতিরোধে দেশটি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়ে মিয়ানমার গণহত্যা সনদ ভেঙেছে, এমন অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মামলাটি করেছিল গাম্বিয়া।

আইসিজেতে গাম্বিয়ার করা মামলায় বলা হয়, মিয়ানমারের সামরিক অভিযানে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং এই গণহত্যার জন্য মিয়ানমার রাষ্ট্র হিসেবে দায়ী।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এর মধ্যে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারের বিস্তীর্ণ শরণার্থীশিবিরে অবস্থান করছে।