
বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম–মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান‘–এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার রাত থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
এদিকে মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় দেশের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে শীতের আমেজ। এমন পরিস্থিতিতে বৃষ্টি কবে থামবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। তবে শনিবার (২১ নভেম্বর) থেকে ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কমে আসতে পারে। কিছু অঞ্চল থেকে বৃষ্টি পুরোপুরি বিদায় নেওয়ার সম্ভাবনাও রয়েছে।
গত মধ্যরাতে ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়টি আরও উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে পটুয়াখালী, নোয়াখালী, খুলনা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের ৯টি নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।








