
মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ

বিশ্বজুড়ে প্রযুক্তিগত বিভ্রাটের মুখোমুখি হয়েছে শীর্ষ মার্কিন ডিজিটাল সেবা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এতে প্রতিষ্ঠানটির ইমেইল, ক্লাউড স্টোরেজসহ বহুল ব্যবহৃত অনেক সেবা কার্যত অচল হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হওয়া এই সার্ভার জটিলতায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানসহ এশিয়া–প্যাসিফিক অঞ্চলের অসংখ্য সরকারি দপ্তর এবং করপোরেট প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
বহুল ব্যবহৃত এসব সেবা কার্যত অচল হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন বিশ্বের ৭০টিরও বেশি দেশের গ্রাহকরা। বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে সরকারি সংস্থাগুলো জানিয়েছে যে, তারা আউটলুকের মাধ্যমে যোগাযোগ করতে পারছে না।
বিভ্রাটের কারণে প্রায় ১০ ঘণ্টা ধরে ব্যহত হয়েছে আউটলুক ও এক্সচেঞ্জ অনলাইন (ইমেইল পাঠানো–গ্রহণ ও ক্যালেন্ডার), মাইক্রোসফট টিমস, মাইক্রোসফট কোপাইলট, শেয়ারপয়েন্ট অনলাইন ও ওয়ানড্রাইভ, মাইক্রোসফট ডিফেন্ডারের (ক্লাউডভিত্তিক সাইবার নিরাপত্তা সেবা) মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো। এর বাইরে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, প্ল্যানার এবং টু–ডু অ্যাপেও বিভ্রাটের প্রভাব পড়েছে।
ইন্টারনেট সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’–এর তথ্যানুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টার দিকে বিপর্যয় যখন চরমে পৌঁছায়, তখন কেবল যুক্তরাষ্ট্রেই আউটলুক ব্যবহারে সমস্যার ১ লাখ ৩০ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে।
মাইক্রোসফট কর্তৃপক্ষ এ বিভ্রাটের কারণ হিসেবে সার্ভারের ওপর ‘অতিরিক্ত চাপ’–কে দায়ী করেছে। পরিষেবাগুলো পুনরায় সচল করতে কাজ চলছে বলেও জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে মাইক্রোসফট কর্তৃপক্ষ বলেছে, “পরিষেবাগুলোর সক্ষমতা বাড়ানোর জন্য যেসব পরিবর্তন আনা হয়েছিল, সেগুলোর অবস্থা পর্যবেক্ষণ করে আমরা জানতে পেরেছি যে পরিবর্তিত অবস্থায় পরিষেবাগুলো প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না।”
“এই সমস্যার প্রভাব কমাতে আমরা ইতোমধ্যে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছি। সেইসঙ্গে পরিষেবাগুলোর সক্ষমতা বাড়ানোর জন্য বিকল্প উপায় খোঁজা হচ্ছে।”
আরেকটি পোস্টে বলা হয়েছে, পরিষেবা পুরোপুরি সচল করার চেষ্টা অব্যাহত থাকলেও তা এখনো সফল হয়নি।
শেষে বৃহস্পতিবার জিএমটি সময় রাত ১১টায় (বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টা) এক্সে পোস্ট করা এক বার্তায় কর্তৃপক্ষ জানায়, বিভ্রাট থেকে ‘সীমিত পুনরুদ্ধারের’ লক্ষণ দেখতে পাচ্ছে কোম্পানি।
বার্তায় আরও বলা হয়, “সার্ভারের সক্ষমতা পুনরুদ্ধারের সাথে সাথে ব্যবহারকারীরা ধীরে ধীরে পরিষেবা ফিরে পেতে শুরু করবেন এবং তাদের ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনগুলো পুনরায় সংযুক্ত হতে থাকবে।”
উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকেও মাইক্রোসফটের সেবায় এ ধরনের বিভ্রাট দেখা গিয়েছিল। যেমন—গত জানুয়ারিতে আউটলুক, টিমস এবং মাইক্রোসফট ৩৬৫–এর অন্যান্য পরিষেবা কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল।








