দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
ছবি: সংগৃহীত

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ জেলার কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা–গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে।

এতে মহাসড়কের কুমিল্লামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে যানবাহনের দীর্ঘ সারি গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সেতুর ঢালে কাভার্ড ভ্যানটি বিকল হয়ে পড়ায় যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। পরে যানবাহনের চাপ বাড়তে থাকলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন থেমে থেমে ও ধীরগতিতে চলাচল করে।

শাহাবুদ্দিন নামে এক বাসযাত্রী বলেন, আমি ঢাকা চাকরি করি। সরকারি ছুটির দিনে গ্রামের বাড়িতে বিভিন্ন কাজে যেতে হয়। পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানেও অংশ নিতে হয়। কাজ শেষে আবার কর্মস্থলে ফিরতে হয়। কিন্তু মহাসড়কের যানজটের কারণে আমাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধান কবে হবে?

ট্রাকচালক সিরাজুল ইসলাম পিন্টু বলেন, জামালদী এলাকা থেকেই যানজটে পড়েছি। সেখান থেকে ভাটেরচর বাসস্ট্যান্ড পৌঁছাতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, দাউদকান্দি এলাকায় মেঘনা–গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে যাওয়ায় যানজট তৈরি হয়েছে। গাড়িটি সরিয়ে নিতে কাজ চলছে।