
৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬টি দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তাঝুঁকি এবং এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি কনস্যুলার সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে এ সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
দেশগুলো হলো— ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, দেশ ৬টি এখনো যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতার সর্বোচ্চ স্তর ‘লেভেল–৪’–এর আওতাভুক্ত। এই সতর্কতার অর্থ, কোনো কারণেই এসব দেশে ভ্রমণ করা উচিত নয়।
পোস্টে বলা হয়, সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি সহায়তা দেওয়ার সীমিত সক্ষমতা বিবেচনায় নিয়ে এ সতর্কতা জারি করা হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, ‘এসব স্থান বিপজ্জনক। কোনো কারণেই সেখানে যাবেন না।’
এদিকে, ৬টি দেশ ছাড়াও আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ মোট ২৩টি দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে।
উল্লেখ্য, ‘লেভেল–৪’ সতর্কতা যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভ্রমণ সতর্কতা ব্যবস্থায় সর্বোচ্চ স্তর। এ সতর্কতা জারি করা হলে মার্কিন নাগরিকদের সংশ্লিষ্ট দেশগুলোতে ভ্রমণ সম্পূর্ণ বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।








