দীপ্ত নিউজ
জাতীয়

শহীদ নূর হোসেন দিবস আজ

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
শহীদ নূর হোসেন দিবস আজ
শহীদ নূর হোসেন।

ঐতিহাসিক ১০ নভেম্বর (মঙ্গলবার) আজ। পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস।

১৯৮৭ সালে তত্কালীন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের নায়ক নূর হোসেন জীবন্ত পোস্টার হয়ে গণতন্ত্রকামী মানুষের চিরন্তন আকাঙ্ক্ষাকে স্লোগানের অক্ষরে বুকে–পিঠে ধারণ করেছিলেন।

‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান বুকে ও পিঠে লিখে রাজপথে বের হয়েছিলেন নূর হোসেন। ১৯৮৭ সালের এই দিনে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি।

তাঁর আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। এরপর থেকে দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও পালিত হয়ে আসছে।

১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেন ছাড়াও নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহীদ হন। তাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেগবান হয়।

এর পরিপ্রেক্ষিতে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান ঘটে।

দিনটি উপলক্ষ্যে বিভিন্ন দল ও সংগঠন মঙ্গলবার সকালে গুলিস্তানের নূর হোসেন স্কয়ারে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবে।

এ ছাড়া বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন বিকাল ৪টায় তোপখানা রোডে দলের প্রধান কার্যালয়ে ‘শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম–খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা’ শীর্ষক আলোচনা সভা করবে।