
মঙ্গলবার শপথ নিবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

ঠাকুরগাঁও–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এলিজা জামান আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) শপথ নেবেন।
সোমবার (২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার ৩ নভেম্বর দুপুর ১২টায় তাদের শপথ অনুষ্ঠান পরিচালিত হবে।
নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সংসদ ভবনস্থ স্পিকারের অফিস কক্ষে অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম ।
এরআগে, শনিবার (৩১ অক্টোবর) মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
অন্যদিকে, সোমবার (২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন–২৩ এর শূন্য পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এলিজা জামানকে ‘সংসদ সদস্য’ হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরে ১২ অক্টোবর নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছিল।








