দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
একসঙ্গে চার সন্তানের জন্ম

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সুখি রায় (২১) নামে এক গৃহবধূ। স্বাভাবিক (নরমাল) প্রসবের মাধ্যমে জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে। মা ও চার নবজাতকই সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে অধ্যাপক ড. এস কে সাদেক আলী জানান, নবজাতকদের ওজন স্বাভাবিক রয়েছে এবং তারা সুস্থ আছে।

গত বুধবার (১৮ নভেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ চার সন্তানের জন্ম হয়। হাসপাতাল পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

সুখি রায় দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ তালপুকুর গ্রামের খোকন রায়ের স্ত্রী। এই দম্পতির ঘরে জন্ম নেওয়া চার সন্তানই তাদের প্রথম সন্তান। একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় আনন্দে আত্মহারা বাবা–মা।

খোকন রায় ও সুখি রায় দম্পতি জানান, প্রথম সন্তান হিসেবে একসঙ্গে চার সন্তান পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। সন্তানদের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তারা।

জন্মের পর নবজাতকদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডের ২ নম্বর ইউনিটে ভর্তি রাখা হয়েছে। তাদের চিকিৎসা ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এস কে সাদেক আলী।

দিনাজপুর মেডিকেল হাসপাতাল পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির বলেন, জন্ম নেওয়া চার নবজাতকই সুস্থ রয়েছে। তাদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা সন্তোষ প্রকাশ করেছেন। একসঙ্গে চার সন্তানের স্বাভাবিক প্রসব একটি বড় সফলতা। আগামী ২/১দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে নবজাতক ও প্রসূতি মাকে হাসপাতালের পক্ষ থেকে উপহার দিয়ে ছুটি দেওয়া হবে।

সুলতান মাহমুদ