দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পিরোজপুরে দুই বাসে দুর্বৃত্তের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
পিরোজপুরে দুই বাসে দুর্বৃত্তের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
ছবি: সংগৃহীত

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের সহকারী (হেলপার) দগ্ধ হয়ে মারা গেছেন।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সিয়াম (২৫)। তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক পরিবহন‘ বাসের ভেতর থেকে দগ্ধ অবস্থায় হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান।

ওসি মো. জগলুল হাসান বলেন, ২টি বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।

তিনি আরও বলেন, সিয়ামের পরিবারের কেউ পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। বাসমালিকদের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ‘লিসা’ পরিবহন বাসটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহ আলম সরদার। অন্যদিকে ‘বাহক’ পরিবহন বাসটির মালিক ঝালকাঠি জেলার অমিত পাল।