দীপ্ত নিউজ
বাংলাদেশ

১১ বছর পূর্ণ করল দীপ্ত টেলিভিশন

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
১১ বছর পূর্ণ করল দীপ্ত টেলিভিশন
দীপ্ত টেলিভিশন

দেশীয় সংস্কৃতি, বিনোদন, কৃষি ও সংবাদভিত্তিক অনুষ্ঠান নিয়ে পথচলার ১১ বছর পূর্ণ করল বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টেলিভিশন।

২০১৫ সালের ১৮ নভেম্বর পূর্ণাঙ্গ সম্প্রচারে আসার পর থেকেই বৈচিত্র্যময় অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের মাধ্যমে দর্শকদের কাছে নিজস্ব অবস্থান তৈরি করেছে চ্যানেলটি।

শুরু থেকেই দেশীয় গল্প ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে ধারাবাহিক নাটক নির্মাণ করে আসছে দীপ্ত টিভি। পাশাপাশি বিশ্বনন্দিত বিভিন্ন দেশের জনপ্রিয় ড্রামা সিরিজ বাংলা ভাষায় সম্প্রচারের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরেছে ভিন্নধর্মী গল্প ও বিনোদনের নতুন মাত্রা। দর্শকদের কাছেও এসব আয়োজন পেয়েছে ইতিবাচক সাড়া।

বিনোদনের পাশাপাশি কৃষিভিত্তিক অনুষ্ঠান নির্মাণেও রয়েছে চ্যানেলটির দীর্ঘ ধারাবাহিকতা। একটানা ১১ বছর ধরে প্রচারিত হচ্ছে ‘দীপ্ত কৃষি’। এ অনুষ্ঠানের মাধ্যমে দেশের কৃষকেরা দেশ–বিদেশের আধুনিক কৃষিপদ্ধতি, নতুন প্রযুক্তি, উন্নত চাষাবাদ কৌশল এবং কৃষিসংশ্লিষ্ট নানা সমস্যা ও তার সমাধান সম্পর্কে জানতে পারছেন। কৃষকের অভিজ্ঞতা, সফলতা ও সম্ভাবনার গল্প তুলে ধরার মধ্য দিয়ে ‘দীপ্ত কৃষি’ অনুষ্ঠানটি কৃষি খাতের তথ্যপ্রবাহেও ভূমিকা রাখছে।

অন্যদিকে, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে ‘দীপ্ত নিউজ‘। জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলির পাশাপাশি জনজীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছে সংবাদ বিভাগটি।

এদিকে, প্রতিষ্ঠার ১১ বছর পূর্তি উপলক্ষে ১৮ নভেম্বর, বুধবার দর্শকদের জন্য থাকছে বিশেষ বিনোদন আয়োজন। এদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে রায়হান রাফী পরিচালিত বাংলা সিনেমা ‘সুড়ঙ্গ’। এতে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা ও শহীদুজ্জামান সেলিমসহ অনেকে।

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে একই পরিচালকের সিনেমা ‘তাণ্ডব’। এতে অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসানসহ আরও অনেকে।

দুই সিনেমার পাশাপাশি দিনভর দীপ্ত টেলিভিশনের পর্দায় থাকছে নিয়মিত অনুষ্ঠানমালা।

দীর্ঘ ১১ বছরের এই পথচলায় দর্শকদের ভালোবাসা ও আস্থাকে সঙ্গী করে এগিয়ে চলেছে দীপ্ত টেলিভিশন। আগামী দিনেও মানসম্মত অনুষ্ঠান নির্মাণ, দেশীয় গল্প ও সংস্কৃতির বিকাশ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের সঙ্গে থাকার প্রত্যাশা চ্যানেলটির।