শিরোনাম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আফগানিস্তানে পুরুষ চিকিৎসক ‘মাহরাম’ না হওয়ায় নারী রোগীদের চিকিৎসা বন্ধ

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
আফগানিস্তানে পুরুষ চিকিৎসক ‘মাহরাম’ না হওয়ায় নারী রোগীদের চিকিৎসা বন্ধ
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে পুরুষ চিকিৎসক ‘মাহরাম’ না হওয়ায় নারী রোগীদের চিকিৎসা কার্যত বন্ধ হয়ে গেছে। তালেবানের অঘোষিত নিষেধাজ্ঞার কারণে তৈরি হয়েছে এমন পরিস্থিতি।

‘আমাদের নারী রোগীদের সরাসরি পরীক্ষা করার অনুমতি নেই। কারণ আমরা তাদের মাহরাম নই,’-  বলছিলেন উত্তর আফগানিস্তানের সরকারি হাসপাতালের সার্জন সামিম।

১৫ বছর ধরে হাসপাতালটিতে কর্মরত এই চিকিৎসক। তিনি জানান, চিকিৎসা প্রক্রিয়া কতটা সাধারণ বা রোগীর অবস্থা কতটা সংকটাপন্ন—তাতে কিচ্ছু যায় আসে না। মাহরাম (যাদের সঙ্গে বিবাহ নিষিদ্ধ বা যারা অভিভাবকতুল্য) না হওয়ায় সরাসরি নারী রোগীদের চিকিৎসা দিতে তাদের নিষেধ করেছে তালেবান।

‘চিকিৎসা হবে না, বাড়ি ফিরে যান’ — ফরিদার বয়স ৩৭ বছর। এক রাতে হঠাৎ তীব্র দাঁতের ব্যথায় জেগে ওঠেন তিনি। পরের কয়েকদিনে ব্যথা আরও বাড়তে থাকে। ফরিদা বলেন, ‘আমার দাঁতগুলো নষ্ট হয়ে গেছিল। রাতে ঘুমাতে পারতাম না, ঠিকমতো কিছু খেতেই পারছিলাম না।’

ফরিদা ও তার পরিবার এ বছরের শুরুর দিকে ইরান থেকে পশ্চিম আফগানিস্তানের হেরাত শহরে ফিরে আসেন। বাধ্য হয়ে ফিরে আসা অনেক অভিবাসীর মতো তারাও কাজ ও আয়ের সন্ধানে হিমশিম খাচ্ছেন। চরম আর্থিক অনটনের মধ্যে চিকিৎসকের কাছে যাওয়া এখন বিলাসিতার পর্যায়ে পৌঁছেছে। তবু অসহ্য ব্যথার কারণে জুলাইয়ের শুরুর দিকে ফরিদা হেরাতের বকরবাদ এলাকার একটি ডেন্টাল ক্লিনিকে যেতে বাধ্য হন।

দন্তচিকিৎসক তাকে পরীক্ষা করে জানান, বেশ কয়েকটি দাঁত তুলে ফেলতে হবে এবং সেগুলোর জায়গায় ইমপ্ল্যান্ট বা কৃত্রিম দাঁত বসাতে হবে। ক্লিনিক থেকে ফরিদার জন্য একটি চিকিৎসা পরিকল্পনাও তৈরি করা হয়। এর আওতায় তাকে কয়েকবার ক্লিনিকে যেতে হতো এবং চিকিৎসার পুরো খরচ অগ্রিম পরিশোধ করতে হতো। তবে তৃতীয়বার যখন ইমপ্ল্যান্ট বসানোর কথা ছিল, তখন তাকে বলা হয়, ‘আমরা এখন আপনার চিকিৎসা করতে পারছি না। একটা সমস্যা হয়েছে। আপনি বাড়ি ফিরে যান। পরে আমরাই আপনাকে ডেকে নেব।’

ফরিদা বাড়িতে ফিরে যান। কিন্তু ঠিকমতো খাওয়া–দাওয়া করতে পারছিলেন না। তাই দুইদিন পর তিনি ক্লিনিকে ফোন করেন। সেখান থেকে জানানো হয়, তার চিকিৎসা করা আর সম্ভব নয়। তারা বলেন, ‘পুণ্য প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়’ (Ministry for the Propagation of Virtue and the Prevention of Vice) থেকে নির্দেশ এসেছে, পুরুষ চিকিৎসকরা এখন থেকে আর নারী রোগীদের চিকিৎসা দিতে পারবেন না। পরিস্থিতি বদলালে আমরাই আপনাকে জানাব।’

এরপর তিন মাস পেরিয়ে গেলেও ফরিদার চিকিৎসা আজও অসম্পূর্ণই রয়ে গেছে।

অদ্ভুত নিষেধাজ্ঞা — নারী রোগী ও চিকিৎসকদের সাক্ষাৎকারের ভিত্তিতে ‘দ্য গার্ডিয়ান’ ও ‘জান টাইমস’ জানিয়েছে, পুরুষ চিকিৎসকদের কাছে নারীদের চিকিৎসা নেওয়ার ওপর আনুষ্ঠানিকভাবে কোনো নিষেধাজ্ঞা ঘোষণা করা না হলেও, কার্যত সারা দেশেই এমন একটি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে মনে হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তালেবান নিরাপত্তা বাহিনী এই নিয়ম কঠোরভাবে কার্যকর করছে। তারা বিভিন্ন ক্লিনিকে অভিযান চালাচ্ছে। পুরুষ চিকিৎসকদের সতর্ক করা হচ্ছে যে, তাদের ক্লিনিকে যদি কোনো নারী রোগীকে পাওয়া যায়, তবে তাদের কারাদণ্ড দেওয়া হবে।

আফগানিস্তানের অধিকাংশ প্রদেশে পুরুষ চিকিৎসকদের জন্য তালেবানের পক্ষ থেকে এমন আদেশ ও নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বলা হয়েছে, তারা যেন নারী রোগীদের পরীক্ষা না করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, নির্দিষ্ট কিছু শর্ত, যেমন– নারী রোগীর সঙ্গে তার কোনো পুরুষ অভিভাবক (মাহরাম) উপস্থিত থাকা অথবা নারী নার্সদের মাধ্যমে চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা ছাড়া নারী রোগীদের পরীক্ষা করা বা জরুরি চিকিৎসা দেওয়ার অনুমতি তাদের নেই।

তালেবানের এই বিধিনিষেধগুলো কিছু কিছু ক্ষেত্রে চরম অযৌক্তিক পর্যায়ে পৌঁছেছে। উত্তর আফগানিস্তানের বলখ প্রদেশে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, নারী রোগীদের আসল নাম ধরে ডাকা যাবে না। গত মে মাসে কর্তৃপক্ষ সব হাসপাতাল, ব্যক্তিগত চেম্বার ও ক্লিনিককে নির্দেশ দেয়, নারীদের নামের পরিবর্তে যেন ‘বিবি’ শব্দটি ব্যবহার করা হয়। তারা জোর দিয়ে বলেছে, এমনকি প্রেসক্রিপশনেও এই নির্দেশনা মেনে চলতে হবে।

নারীদের চিকিৎসক হওয়ার পথেও তালেবানের বাধা —নারীদের চিকিৎসা সেবা পাওয়ার ওপর তালেবানের এই কঠোর বিধিনিষেধ এমন সময়ে এলো, যখন নারীদের চিকিৎসক হওয়ার সুযোগও কেড়ে নেওয়া হচ্ছে। ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে নারীদের মেডিকেল ইনস্টিটিউটে পড়াশোনা করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে।

বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন, তালেবান কর্তৃপক্ষ নারী কর্মী নিয়োগের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। বর্তমানে কর্মরত নারী চিকিৎসকদের ক্ষেত্রেও তালেবান শর্ত দিয়েছে, তাদের সঙ্গে একজন মাহরাম থাকা বাধ্যতামূলক।

এক নারী রোগী জানান, তিনি বাবার সঙ্গে একটি ক্লিনিকে গেছিলেন। কিন্তু সেখানে কোনো নারী কর্মী না থাকায় পুরুষ চিকিৎসক দেখাতে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়েছিল তাকে। ওই রোগীকে জানানো হয়েছিল, চিকিৎসক কোনো নারী রোগীকে স্পর্শ করতে পারবেন না। তাই অন্য কোনো নারী রোগী তার মাহরামসহ সেখানে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, যাতে কোনো সমস্যা হলে সেই নারী তাকে সহায়তা করতে পারেন।

বর্তমানে আফগানিস্তানে নারীদের সামনে কয়েকটি পথই খোলা: হয় চিকিৎসা নিতে গিয়ে নিজেদের, চিকিৎসক ও ক্লিনিকগুলোকে ঝুঁকির মুখে ফেলতে হবে; অযোগ্য নারী স্বাস্থ্যকর্মীদের সহায়তা নিতে হবে; অথবা অসুস্থতা নিয়েই বেঁচে থাকতে হবে।

এক রোগী বলেন, ‘আমি জানি না এটি কেমন পরিস্থিতি। যে শহরে একজনও নারী চিকিৎসক নেই, সেখানে তারা কীভাবে এত বিধিনিষেধ আরোপ করতে পারে? তাদের কাছে মানুষের জীবনের কোনো গুরুত্বই নেই।’

অথচ তালেবান কর্তৃপক্ষ একসময় ঘোষণা দিয়েছিল, নারী রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের ওপর এই নিষেধাজ্ঞাগুলো কার্যকর হবে না। চলতি বছরের ফেব্রুয়ারিতে তালেবানের যোগাযোগমন্ত্রী হামদুল্লাহ নোমানি বলেছিলেন, নারী রোগীদের চিকিৎসার ক্ষেত্রে পুরুষ চিকিৎসকদের ‘মাহরাম’ (যাদের সঙ্গে বিবাহ নিষিদ্ধ বা যারা অভিভাবকতুল্য) হিসেবে গণ্য করা হবে।

হাসপাতালের বাইরে লোক মোতায়েন — পূর্ব আফগানিস্তানের জালালাবাদ শহরের একটি ডেন্টাল ক্লিনিকে সহকারী হিসেবে কর্মরত নার্গিস জানান, কোনো নারী রোগীর চিকিৎসা করার সময় তালেবান কর্মকর্তাদের ওপর নজর রাখার জন্য কিছু চিকিৎসক তাদের ক্লিনিকের বাইরে লোক মোতায়েন রাখেন।

তার কথায়, আমাদের পুরুষ চিকিৎসক মাঝে মাঝে মজা করে বলেন, ‘চলুন, অফিসে একটি চাদরি (আফগানিস্তানের পূর্ণাঙ্গ বোরকা) রেখে দেই, যাতে তারা (তালেবান) এলে আমি পরে নিতে পারি। তাহলে তারা বুঝতে পারবে না যে, আমি একজন পুরুষ চিকিৎসক।’

বি. দ্র: এই প্রতিবেদনে ব্যবহৃত নামগুলো নিরাপত্তার স্বার্থে পরিবর্তন করা হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান