
বকুলপুরে নতুন চমক, লু ভাই চরিত্রে আসছেন সালাহউদ্দিন লাভলু

দীপ্ত টিভির জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘বকুলপুর’–এর তৃতীয় সিজনে যুক্ত হচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা সালাহউদ্দিন লাভলু। আগামী ২১ নভেম্বর থেকে ধারাবাহিকটিতে নতুন এক চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁর অভিনীত চরিত্রের নাম বাবলু। তবে বকুলপুরের মানুষের কাছে তিনি পরিচিত ‘লু ভাই’ নামে।
গল্পে অন্ধকার জগৎ ছেড়ে আলোর পথে ফিরে এসেছেন লু ভাই। বকুলপুরে রয়েছে তাঁর ব্যাপক প্রভাব ও জনপ্রিয়তা। এলাকার মানুষ তাঁকে ভালোবাসে, প্রতিবার ভোট দিয়ে বিজয়ীও করে। অন্যদিকে, দাদাভাই তাঁকে নিজের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করেন। বকুলপুরের নিয়ন্ত্রণ নিতে নন্দিনীর আশ্রয়ে থেকে নতুন করে ক্ষমতার লড়াইয়ে নামেন লু ভাই।
তবে বকুলপুরের নিয়ন্ত্রণ নিয়ে লু ভাইয়ের এই লড়াই কতটা সফল হবে, তা নিয়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল। কারণ, নন্দিনীও বকুলপুরের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চায়। একই লক্ষ্য উজান দেওয়ানের বোন নাইরীরও। সব মিলিয়ে ক্ষমতার এই লড়াইয়ে নতুন কী সমীকরণ তৈরি হয়, সেটিই এখন দেখার বিষয়।
আহমেদ শাহাবুদ্দিনের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করছেন হাসান রেজাউল। প্রযোজনায় রয়েছে স্বপন প্রোডাকশন। ‘বকুলপুর’–এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অজিঞ্জুল হাকিম, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, শারাফ আহমেদ জীবন, দীপা খন্দকার, তাহমিনা সুলতানা মৌ, সুষমা সরকার, সঞ্জীব আহমেদ, আনিসুল হক বরুণ, নরেশ ভূঁইয়া, সাবিনা রনি, নাসরিন অনু, মেহনা মীম, সিলভিয়া ও সঞ্জয় রাজসহ আরও অনেকে।
সালাহউদ্দিন লাভলুর নতুন চরিত্রের আগমন ধারাবাহিকটির গল্পে কতটা পরিবর্তন আনে, তা জানতে দর্শকদের চোখ থাকবে আগামী ২১ নভেম্বরের পর্বে।








