
মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’–এর মুকুট উঠেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির মাথায়।
শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
বিজয়ীর নাম ঘোষণার মুহূর্তে পুরো মিলনায়তনে বিরাজ করছিল টানটান উত্তেজনা। নিজের নাম শোনার সঙ্গে সঙ্গেই আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি এবং হাত রাখেন বুকের ওপর। গত বছরের মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরেন এবং একসঙ্গে মঞ্চে হাঁটার সময় উপস্থিত দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
ফিনালেতে মাহির পরনে ছিল শ্যাম্পেন গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন, যার অফ শোল্ডার ডিজাইনটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলা পরেছিলেন হালকা নীল ও সিলভার রঙের গাউন, যার কাঁধের নকশা ছিল পাখার মতো। বিজয়ী ঘোষণার এই বিশেষ মুহূর্তে মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা।
এই আয়োজনে উপস্থিত ছিলেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক। এ ছাড়া অনুষ্ঠানে চিত্রনায়িকা দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ বিনোদন অঙ্গনের একাধিক মডেল ও কোরিওগ্রাফার অংশ নেন।








