দীপ্ত নিউজ
জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের সপ্তম চালান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের সপ্তম চালান
ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের সপ্তম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটের দিকে জ্বালানিবাহী ৩টি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তায় এসব জ্বালানি পরিবহন করা হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লরিগুলো রূপপুর প্রকল্পের উদ্দেশে রওনা হয়। যমুনা সেতু, বনপাড়া ও দাশুড়িয়া হয়ে সেগুলো প্রকল্প এলাকায় পৌঁছায়। পথে মহাসড়কের বিভিন্ন মোড়ে পুলিশ সদস্য মোতায়েন ছিল। সেনাবাহিনী পাশাপাশি নিরাপত্তা দায়িত্বে ছিলেন এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এ নিয়ে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টি চালানসহ মোট ৭টি চালান প্রকল্প এলাকায় পৌঁছাল।

উল্লেখ্য, রাশিয়া প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর–১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট, দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।