দীপ্ত নিউজ
বিনোদন

হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন

আল আমিন
আল আমিন
প্রকাশ:
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন
হুমায়ূন আহমেদ

বাংলা সাহিত্যের অনন্য এক নাম হুমায়ূন আহমেদ। কথাসাহিত্য, নাটক ও চলচ্চিত্র—সৃজনশীলতার নানা মাধ্যমে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করা এই কিংবদন্তির আজ (১৩ নভেম্বর) ৭৮তম জন্মবার্ষিকী। ১৯৪৮ সালের এই দিনে জন্ম নেওয়া এই লেখক ২০১২ সালের ১৯ জুলাই পৃথিবী থেকে বিদায় নিলেও তার সাহিত্য ও নির্মাণকর্মের আবেদন এখনো অমলিন।

হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে তার নিজের হাতে গড়া গাজীপুরের পিরুজালী গ্রামের নুহাশ পল্লীতে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিটে লিচুতলায় এক হাজার মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় জন্মদিনের আয়োজন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টার দিকে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে লেখকের ভক্ত, কবি, সাহিত্যিক ও নাট্যাঙ্গনের মানুষেরাও সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করেন বাংলা সাহিত্যের জনপ্রিয় এই লেখককে।

নুহাশ পল্লীর ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ জানান, জন্মদিনের আয়োজনের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে এক হাজার মোমবাতি প্রজ্বালন করা হয়। তবে অসুস্থতার কারণে এবার অনুষ্ঠানে যোগ দিতে পারেননি হুমায়ূন আহমেদের দুই ছেলে নিনিত ও নিষাদ। পরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নুহাশ পল্লীর কর্মকর্তা–কর্মচারীরা কেক কেটে জন্মদিন উদযাপন করেন।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। উপন্যাস, নাটক ও চলচ্চিত্রে অনন্য সৃষ্টির মাধ্যমে তিনি বাংলা সাহিত্য ও বিনোদনজগতে বিশেষ জায়গা করে নেন। তার জন্মদিন উপলক্ষে নুহাশ পল্লীতে প্রতিবছরের মতো এবারও নানা আয়োজন রাখা হয়েছে।