দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন যুক্তরাষ্ট্রের নারী অব্রি

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন যুক্তরাষ্ট্রের নারী অব্রি
ছবি: সংগৃহীত

 

মুখে অস্ত্রোপচারের সময় অপসারণ করা হাড়ের ছোট ছোট টুকরা দিয়ে কানের দুল বানিয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের বাসিন্দা অউব্রে (Aubrey)।

অস্ত্রোপচারের আগে অউব্রে চিকিৎসকের কাছে একটি অনুরোধ করেছিলেন। জানতে চেয়েছিলেন, অস্ত্রোপচারের সময় তার মুখের বিভিন্ন অংশ থেকে হাড়ের যে পাতলা টুকরোগুলো সরানো হবে, সেগুলো তিনি সঙ্গে নিতে পারবেন কি না। চিকিৎসক রাজি হয়েছিলেন।

কয়েক মাস পর সেই হাড়ের টুকরোগুলো দিয়েই এক জোড়া কানের দুল তৈরি করিয়েছেন ৪০ বছর বয়সী এই নারী। 

অউব্রে একজন ট্রান্সজেন্ডার নারী। তিনি মুখমণ্ডলকে আরও নারীর মতো দেখাতে অস্ত্রোপচার বা ফেসিয়াল ফেমিনাইজেশন সার্জারি (FFS) করান। এসব অস্ত্রোপচারে মুখের হাড় ও নরম টিস্যু— দুটির ওপরই কাজ করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের তৈরি কানের দুলের ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন অউব্রে।

দুলগুলোতে সাদা সোনা ব্যবহার করা হয়েছে। এতে ছোট ছোট জিরকোনিয়া পাথর বসানো রয়েছে। সেখান থেকে ঝুলছে মুখের অস্ত্রোপচারে অপসারণ করা হাড়ের টুকরাগুলো।

এ বিষয়ে নিউজউইক‘কে দেয়া এক সাক্ষাৎকারে অউব্রে নিজ সিদ্ধান্তের কারণ জানিয়েছেন।

তিনি জানান, ছোটবেলা থেকেই নিজেকে অন্য রকম মনে হতো তার। তবে তিনি যে একজন ট্রান্স নারী, সে কথা নিজের কাছেও স্বীকার করতে চাননি দীর্ঘদিন। একসময় তার মনে হয়, নিজের পরিচয় নিয়ে নিজের কাছে যেমন সৎ থাকা দরকার, তেমনি প্রিয়জনদেরও তা জানানো প্রয়োজন। কয়েক বছর আগে তিনি নারী হিসেবে জীবনযাপন শুরু করেন।

অউব্রে বলেন, ‘আমার মধ্যে যে বিষয়গুলো মানসিক অস্বস্তি তৈরি করত, সেগুলো পরিবর্তন ও অপসারণের মাধ্যমে আমি নিজের মধ্যে সৌন্দর্য খুঁজে পেয়েছি। আবার অপসারণ করা অংশগুলোকে নতুনভাবে কাজে লাগানোর মধ্যেও সৌন্দর্য খুঁজে পেয়েছি।’

হাড়ের টুকরাগুলো সংগ্রহ করার পর নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য একজন গয়না নির্মাতার খোঁজ শুরু করেন অউব্রে। শেষ পর্যন্ত রেডিটের মাধ্যমে একজন শিল্পীর সঙ্গে যোগাযোগ হয় তার। ওই শিল্পী হাড়ের টুকরাগুলো দিয়ে বিশেষ নকশার কানের দুল তৈরি করে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুলের বর্ণনা দিয়ে অউব্রে লিখেন, ‘দুলের কাঠামো সাদা সোনার তৈরি, এতে ছোট ছোট জিরকোনিয়া পাথর বসানো হয়েছে। আমার কাছে আরও কিছু হাড়ের টুকরা রয়েছে। সেগুলো দিয়ে সম্ভবত পরবর্তী সময়ে একটি নেকলেস তৈরি করাব।’

 

সূত্র: হিন্দুস্তান টাইমস