// Script from below please place globally in the ------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------

আসছে নতুন সিনেমা ‘যন্ত্রণা’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভালোবাসা ও অ্যাকশন গল্পে নির্মিত চিত্রনায়ক আদর আজাদ ও অভিনেত্রী মানসী প্রকৃতি জুটির প্রথম সিনেমা ‘যন্ত্রণা’ আগামী শুক্রবার (১০ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। গত ২৭ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার দর্শক চাহিদার কথা বিবেচনা করে এবং সিনেমাটির প্রতি শ্রদ্ধা জানিয়ে সরে দাঁড়ায় ‘যন্ত্রণা’ টিম।

আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ। এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। মুক্তি সামনে রেখে এর আগে সিনেমাটির গান, পোস্টার ও ট্রেলার মুক্তি পায়।

ক্যারিয়ারের ষষ্ঠ ও মুক্তির দিক দিয়ে চর্তুথ সিনেমা নিয়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি বলেন, সিনেমার গল্প ও চরিত্রটি ভালো। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে। তারপরও ভালোর তো আর শেষ নেই। তবে দর্শক এখন যে ধরনের গল্পের সিনেমা দেখতে চায় এটি তেমনই। গল্পে অনেক বাঁক রয়েছে। চেষ্টা করেছি নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। অনেক দিন পর বড় পর্দায় আসছি—দর্শকরা আমাকে কীভাবে নেয় সেটি দেখার জন্য মুখিয়ে আছি। আশা করছি, গল্প ও চরিত্র মিলিয়ে সিনেমাটি দর্শকের ভালো লাগবে।

আদর আজাদ বলেন, ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার আমরা একসঙ্গে কাজ করেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবেন।

এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফের। তিনি বলেন, প্রথমবার সিনেমা পরিচালনা করেছি। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে। আশা করি, ‘যন্ত্রণা’ সবার ভালো লাগবে। সবাই হলে এসে সিনেমাটি উপভোগ করবেন।

স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে চারটি গান লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক ইমন সাহা। সঙ্গীতায়োজনে রবিন ইসলাম।

সিনেমাটিতে আদর–প্রকৃতি ছাড়াও আরও অভিনয় করেছেন—শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, সায়মা স্মৃতি, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ। পনির আহমদের চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More