113
২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণির ভর্তিতে অনলাইনে আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত হয়েছেন ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী। উত্তীর্ণ শিক্ষার্থীদের এখন নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে। তাই জেনে নিন, ভর্তি প্রক্রিয়া ও কী কী কাগজপত্র লাগবে সে সম্পর্কে বিস্তারিত। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। প্রথম ধাপের ফল অনুযায়ী, আবেদনকারীদের প্রায় ৯৮ শতাংশ কোনো না কোনো কলেজে আসন বরাদ্দ পেয়েছেন। নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত আটটার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন দুটিই বাতিল হয়ে যাবে। নিশ্চায়ন করবেন যেভাবে প্রথমে একাদশ শ্রেণির ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে নিজের প্রোফাইলে লগইন করতে হবে। এরপর ‘নিশ্চায়ন’ অপশনে গিয়ে নির্দেশনা অনুসরণ করে ৩৪০ টাকা ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধের জন্য ওয়েবসাইটে প্রদর্শিত অনুমোদিত পেমেন্ট মাধ্যম ব্যবহার করতে হবে। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর ট্রানজেকশন আইডি ও এসএমএস সংরক্ষণ করতে হবে। এরপর প্রোফাইলে গিয়ে ‘নিশ্চায়ন সম্পন্ন’ হয়েছে কি না, নিশ্চিত করতে হবে। টাকা কেটে নেওয়ার পরও যদি সঙ্গে সঙ্গে নিশ্চায়নের স্ট্যাটাস আপডেট না হয়, তাহলে শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কিছুক্ষণ পর আবার লগইন করে স্ট্যাটাস যাচাই করতে হবে। এ ক্ষেত্রে ট্রানজেকশন আইডি সংরক্ষণ করে রাখা জরুরি। প্রয়োজনীয় কাগজপত্র এরপর নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এর মধ্যে রয়েছে এসএসসি পরীক্ষার নম্বরপত্র ও সার্টিফিকেটের কপি। অনলাইন কপি গ্রহণযোগ্য হলে সেটিও রাখা যাবে। পাশাপাশি প্রবেশপত্র, দুই থেকে চার কপি পাসপোর্ট সাইজের ছবি, অনলাইন আবেদন কনফারমেশন পত্র এবং শিক্ষার্থী ও অভিভাবকের মুঠোফোন নম্বর সঙ্গে রাখতে হবে। নিশ্চায়ন সম্পন্ন করার পর শিক্ষার্থীদের ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে কলেজে গিয়ে ভর্তি হতে হবে। কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সরাসরি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর ২৪ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।