দীপ্ত নিউজ
রাজধানী

মেট্রোরেলের পাশে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
মেট্রোরেলের পাশে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ
ছবি: সংগৃহীত

মেট্রোরেল স্থাপনার ২০ মিটারের মধ্যে অবস্থিত ভবন ও প্রতিষ্ঠান মালিকদের কাছ থেকে কেপিআই নিরাপত্তা নীতিমালা–২০১৩ অনুসারে লিখিত নিরাপত্তা অঙ্গীকারনামা সংগ্রহ করছে পুলিশ।

নাশকতার ঝুঁকি এড়াতে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে মেট্রোরেলের নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট থানা–পুলিশ এই উদ্যোগ নিয়েছে।

সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে নেয়া এই উদ্যোগের আওতায় সংশ্লিষ্ট ভবনের মালিক ও ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে নাশকতা প্রতিরোধ, সন্দেহজনক ব্যক্তির ওপর নজরদারি এবং ভবনের ছাদ ও সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণসহ বেশ কিছু নিরাপত্তামূলক দায়িত্ব পালন করতে হবে।

কেপিআই নিরাপত্তা নীতিমালা–২০১৩ অনুসারে সংশ্লিষ্ট থানা–পুলিশ এসব অঙ্গীকারনামা সংগ্রহ করছে। পরে সেগুলো পুলিশের নথিতে সংরক্ষণ করা হচ্ছে।

এরই অংশ হিসেবে রাজধানীর মতিঝিল এলাকায় অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ ধরনের নিরাপত্তা অঙ্গীকারনামা নিয়েছে মতিঝিল থানা–পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘মেট্রোরেলের পাশে অবস্থানের কারণে নাশকতা প্রতিরোধমূলক নিরাপত্তা নিশ্চিত করার মতো কাজ এখন ব্যাংক বা অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান, এমনকি আবাসিক ভবনের ওপরও বর্তাচ্ছে। কিন্তু এ ধরনের নিরাপত্তা নিশ্চিত করা এসব প্রতিষ্ঠানের কাজ নয় এবং সেই ধরনের দক্ষতা বা দক্ষ জনবলও প্রতিষ্ঠানগুলোর নেই। ফলে বিষয়টি নিয়ে সরকারের নিরাপত্তা বাহিনীকেই বিশেষভাবে পরিকল্পনা করা উচিত।‘

তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে তাদের ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীদের জন্যও নিরাপত্তা নির্দেশনা জারি করতে হয়েছে।

নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, সরকার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সব স্থাপনাকে ‘১(ক)’ শ্রেণির কেপিআই হিসেবে ঘোষণা করেছে। কেপিআই নিরাপত্তা নীতিমালা (২০১৩)-এর ৬.১.৬ অনুচ্ছেদ অনুযায়ী, মেট্রোরেলের স্থাপনার সীমানাপ্রাচীর থেকে ২০ মিটারের মধ্যে থাকা ইমারত ও প্রতিষ্ঠানের মালিক এবং ভাড়াটিয়াদের কাছ থেকে এই অঙ্গীকারনামা নেওয়ার বিধান রয়েছে।

অঙ্গীকারনামায় যেসব দায়িত্ব পালনের কথা বলা হয়েছে —

১. অঙ্গীকারনামা অনুযায়ী, ভবনের মালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রথমেই নিশ্চিত করতে হবে যেন তাদের ভবনের ভেতরে, বারান্দায় কিংবা ছাদে কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রবিরোধী, জননিরাপত্তা বিঘ্নকারী বা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে।

২. ভবন থেকে মেট্রোরেল স্থাপনার দিকে সরাসরি নজরদারি বা অননুমোদিত পর্যবেক্ষণ ঠেকাতে প্রয়োজনীয় স্থানে স্ক্রিন বা পর্দা ব্যবহার করতে হবে। একই সঙ্গে ভবনে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রাখতে হবে।

৩. ভবনের ছাদ ও সংরক্ষিত এলাকায় প্রবেশের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। অফিস চলাকালে এবং বিশেষ করে অফিস সময়ের পর রাতে অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা, কর্মচারী বা বহিরাগত ব্যক্তি এসব স্থানে যেতে পারবেন না। এ জন্য নিরাপত্তাকর্মীদের সার্বক্ষণিক টহলের ব্যবস্থা রাখতে হবে।

৪. ভবনের কোনো বাসিন্দা, ভাড়াটিয়া কিংবা নতুন করে ভাড়া নিতে আসা কোনো ব্যক্তির চলাফেরা বা আচরণ সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা–পুলিশ ও ডিএমটিসিএল কর্তৃপক্ষকে জানাতে হবে।

৫. এ ছাড়া ভবনের কোনো অংশ নতুন করে ভাড়া দেওয়া বা অন্য কারও কাছে হস্তান্তর করা হলে নতুন ব্যবহারকারীকে নিরাপত্তা অঙ্গীকারনামার শর্তগুলো জানাতে হবে। সেগুলো মেনে চলা নিশ্চিত করার দায়িত্বও ভবন মালিকের ওপর থাকবে।

৬. অঙ্গীকারনামায় বলা হয়েছে, এসব শর্ত লঙ্ঘন করা হলে কিংবা সংশ্লিষ্ট ভবনে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটলে প্রচলিত আইন ও কেপিআই নিরাপত্তা নীতিমালা অনুযায়ী ভবন মালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক বা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ বিষয়ে মতিঝিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘বিষয়টি ঠিক অঙ্গীকারনামা নেওয়া নয়; শুধু মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই করা। যেহেতু মেট্রোরেল কেপিআইভুক্ত স্থাপনা, তাই এর নিরাপত্তা নিশ্চিতে আমরা মানুষকে সচেতন করছি; যাতে কেউ নাশকতা না করতে পারে।

তিনি আরও বলেন, আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হই, তাহলে আমরা এসব নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে পারব এবং এতে করে জননিরাপত্তাও বিঘ্নিত হবে না।‘