
ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫

পাবনা জেলার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন— মিজান খা (২২), রিফাত হোসেন (২৬), রিশাদ হোসেন (২৮), রবিউল ইসলাম (২৬) এবং মহিদুল ইসলাম (২৪)।
আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ঈশ্বরদী পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এবং নদীপথের আলোচিত ব্যক্তি কাঁকন বাহিনীর সঙ্গে বিরোধ চলে আসছিল। সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে।
আহত নেতাকর্মীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিলে বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় দুর্বৃত্তরা ওই মিছিলে হামলা করে এলোপাথাড়ি গুলি বর্ষণ শুর করে।
পাবনা জেলা ছাত্রদল সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন বলেন, ঘটনাটি জানতে পেরেছি। বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক। যেই জড়িত থাকুক প্রশাসনের প্রতি আহ্বান দোষীদের অতিদ্রুত গ্রেপ্তার করুন।
ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








