
সৌদিতে পাসপোর্ট ছাড়াই যাওয়া যাবে

পাসপোর্ট ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছে সৌদি আরব। এমনই সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যর তেল সমৃদ্ধ দেশটি। এরইমধ্যে পর্যটকদের এমন সুযোগ দিতে ডিজিটাল নথি ব্যবস্থা তৈরি করে ফেলেছে দেশটি।
দেশটির সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পাসপোর্ট বিভাগের জেনারেল ডাইরেক্টরেট রিয়াদ ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত লিপ ইয়ার বা অধিবর্ষ ২০২৪ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে সৌদি আরবে আগত দর্শনার্থীদের সামনে ওই ডিজিটাল নথি ব্যবস্থা প্রদর্শন করা হয়েছে।
আরও পড়ুন: শক্তিশালী পাসপোর্ট সূচকে আরও পেছাল বাংলাদেশ
এই ডিজিটাল ডকুমেন্ট সার্ভিস সৌদি নাগরিক, বাসিন্দা এবং দর্শনার্থীসহ সুবিধাভোগীদের দেয়া ডিজিটাল এবং প্রযুক্তিগত সমাধানগুলোর একটি। এর আওতায় থাকা ব্যক্তিরা সৌদি আরবের অভ্যন্তরীণ পরিষেবাগুলো পাবেন।
পরিষেবাটির লক্ষ্য হলো, একটি একক নম্বর প্রদানের মাধ্যমে দর্শনার্থীদের সৌদি আরবে আগমন প্রক্রিয়া সহজতর করা। যেটি দর্শনার্থী বা ভ্রমণকারীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘অ্যাবশার’ ইলেকট্রনিক প্ল্যাটফর্মে প্রবেশাধিকার দেবে। সেখান থেকে তারা নিজেদের ডিজিটাল পরিচয় বা একক নম্বর পাবেন।
এই ডিজিটাল পাসপোর্ট ব্যক্তির মোবাইল ফোনে থাকবে। এর মাধ্যমে ভ্রমণকারী সৌদি আরবের কোন স্থানে রয়েছেন তাও জানা যাবে। ফলে প্রয়োজন হবে না কোনো কাগুজে পাসপোর্ট।
বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি সম্মেলন লিপ ইয়ার ২০২৪–এ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অংশ নিয়ে উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী ডিজিটাল সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গুরুত্ত্ব তুলে ধরে।
এই উদ্যোগের লক্ষ্য নিরাপত্তা, ভিড় ব্যবস্থাপনা, মানব ও পরিবেশগত নিরাপত্তা, বিশ্বব্যাপী অনুষ্ঠানগুলোকে উন্নত করার সঙ্গে সৌদি আরবের ভিশন–২০৩০ পূরণ করা।
এজে/ সুপ্তি/ দীপ্ত নিউজ








