সুনামগঞ্জের ছাতক উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত এবং তিনজন আহত হয়েছেন। এর মধ্যে ছাতক উপজেলার জালালপুর এলাকায় সুনামগঞ্জ–সিলেট সড়ক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।
এছাড়া দিরাই–মদনপুর সড়কে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ওই নারী ঘটনাস্থলেই নিহত হন।
সোমবার (৪ মে) দুপুরে ছাতকের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচজনের মধ্যে তাহিরপুর উপজেলার উত্তর জালাল গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে ইউসুব আলী (৫০), ইউসুব আলীর মেয়ে কেয়া মনি (১৭), একই উপজেলা রাজারগাও গ্রামের আব্দুরশুকুরের ছেলে সাহাব উদ্দিন (৪৫) এবং সাহাব উদ্দিনের বউ নিলুপা আক্তার (৩০)। তবে নিহত চালকের নাম জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী সিএনজি সিলেট যাচ্ছিল। অন্যদিকে রিফাত পরিবহন নামের একটি বাস সিলেট থেকে সুনামগঞ্জ আসছিল। জালালপুর এলাকায় এসে বাস–সিএনজি মুখোমুখী সংঘর্ষ ঘটলে যাত্রীবাহী সিএনজি বাসের নিচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু ঘটে। অন্য তিনজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার বলেন, ছাতকের দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন ও ওসমানী হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন নিহত হয়েছেন। এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলায় দিরাই–মদনপুর সড়কেও একজন মারা গেছেন।
জাকারিয়া আহমদ/এজে/দীপ্ত সংবাদ