
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পটুয়াখালী বন্দরে সতর্ক সংকেত

দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম–মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান‘-এর প্রভাবে পটুয়াখালীর আকাশ ঘন মেঘে ঢাকা পড়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে ওঠেছে। এ পরিস্থিতিতে পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে ২নং– দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বাসস‘কে এসব তথ্য নিশ্চিত করেন।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়টি সামান্য উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ অতিপ্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
আবহাওয়া অফিস জানায়, গত মধ্যরাতে ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৯০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৬২ কিলোমিটার।
যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে।
এ অবস্থায় পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ২নং–দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে বরিশাল, পটুয়াখালী, খুলনা, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নং– সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।








