দীপ্ত নিউজ
বাংলাদেশ

শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ
শেখ হাসিনা

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে রেজিস্টার্ড ডাক ও ই–মেইলের মাধ্যমে নোটিশে বিবাদী করে পাঠানো হয়েছে।

নোটিশে আইনজীবী উল্লেখ করেন, তিনি কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে অবস্থান নিয়ে এ উদ্যোগ নেননি। বরং সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষায় একজন সচেতন নাগরিক হিসেবে নির্দলীয় ও নিরপেক্ষ অবস্থান থেকে এ নোটিশ দিয়েছেন।

নোটিশে শেখ হাসিনার ভারতে দীর্ঘদিন অবস্থানের কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য সম্পর্কে তাঁর জানাশোনা রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে তাঁর দীর্ঘ অবস্থান এসব তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে।

এ ছাড়া ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি ও ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের উদাহরণ তুলে ধরে নোটিশে বলা হয়, ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানের প্রতিবেশী বা অন্য কোনো রাষ্ট্রে দীর্ঘ অবস্থান কখনো কখনো আঞ্চলিক ভূ–রাজনৈতিক উত্তেজনা বাড়াতে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক বৈরিতা এবং সশস্ত্র সংঘাতের ঝুঁকি এড়াতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মত দেন নোটিশদাতা।