দীপ্ত নিউজ
অর্থনীতি

বাড়ল সোনার দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাড়ল সোনার দাম

কয়েক দফা কমার পর এবার আবার দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (১১ জুন) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ১১ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেটের ৯৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৯ হাজার ১১৭ টাকায় বিক্রি করা হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার–নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস–নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

উল্লেখ্য, আজ (মঙ্গলবার) ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হয়েছে এক লাখ ১৫ হাজার ৮৮২ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার ভরি এক লাখ ১০ হাজার ৬১০ টাকা, ১৮ ক্যারেটের ৯৪ হাজার ৮১৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৮ হাজার ৩৮২ টাকায় বিক্রি হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ২৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ১৪ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১৪ বার।

প্রসঙ্গত, নতুন এ দাম আগামীকাল বুধবার (১২ জুন) থেকে কার্যকর হবে।

 

এসএ/দীপ্ত সংবাদ