নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়া জেলায় চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস‘ সার্ভিস।
পিংক কালার এই বাসে চালক, কন্ডাক্টর ও হেলপার হিসেবে দায়িত্ব পালন করবেন নারী। বাসের যাত্রীও থাকবেন নারী।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বগুড়া বিআরটিসি ডিপো প্রাঙ্গণে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন বগুড়া–৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
প্রাথমিকভাবে বগুড়া জেলায় দুটি বাস এ সেবা যুক্ত হয়েছে। এর একটি শেরপুর–মাটিডালি রুটে চলাচল করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, দেশের তিনটি জেলায় নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু হচ্ছে। এর মধ্যে বগুড়াও রয়েছে। বগুড়ায় শেরপুর থেকে মাটিডালি এবং মোকামতলা থেকে বনানী রুটে এই সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআরটিসি ট্রেনিং সুপারভাইজার ফেরদৌসী আক্তার দোলন বলেন, মহিলাদের জন্য এমন একটি বাস সার্ভিস চালু হওয়ায় আমরা খুবই আনন্দিত। এতে নারীরা আরও স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে যাতায়াত করতে পারবেন। এটি নারীদের জন্য সম্মানেরও বিষয়।
উল্লেখ্য, দেশে নারীদের জন্য আলাদা বাস চালুর উদ্যোগ প্রথম নেয়া হয় ১৯৯৮ সালে পরীক্ষামূলকভাবে। পরে ২০০১ সালে ঢাকা ও আশপাশ এলাকায় এ সেবা সম্প্রসারণ করা হয়।
এসএ