নারী শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতা, অর্থ ব্যবস্থাপনা এবং কর্মজীবনের প্রস্তুতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে ‘Empowering Youth Season 1.0: Engaging and Inspiring Youth in Banking’ শীর্ষক একটি বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রাইম ব্যাংক পিএলসি, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শিল্পখাত ও শিক্ষাঙ্গনের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে প্রাইম ব্যাংক পিএলসি এবং সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, রেজিস্ট্রার ইলিয়াস আহমেদসহ বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষকবৃন্দ এবং প্রাইম ব্যাংক পিএলসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নারী নেতৃত্ব, কর্পোরেট নৈতিকতা, আর্থিক অন্তর্ভুক্তি এবং যুবসমাজের ক্ষমতায়নসহ বিভিন্ন সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য দেন প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লাইয়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শাইলা আবেদীন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম. এম. মাহবুব হাসান।

এমপাওয়ারিং ইয়ুথ সিজন ১.০
আয়োজনটি শুধুমাত্র বক্তৃতায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর ও ব্রেইনস্টর্মিং সেশনে রূপ নেয়। সেশনে শিক্ষার্থীরা ব্যাংকিং, আর্থিক ব্যবস্থাপনা, ক্যারিয়ার এবং নেতৃত্ব নিয়ে অতিথিদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন ও নিজেদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে সেরা দল এবং সেরা প্রশ্নকারীকে বিশেষ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ১.০’ তরুণীদের আর্থিক জ্ঞান, নেতৃত্বগুণ ও পেশাগত দক্ষতা বিকাশে একটি অত্যন্ত কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের গঠনমূলক উদ্যোগ ভবিষ্যতে ব্যাংকিং ও কর্পোরেট খাতে নারীদের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।