দীপ্ত নিউজ
জাতীয়

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এটি উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এ সময় এর অবস্থান ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫ দশমিক ৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৩৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ১৩৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম বলেন, বৃহস্পতিবার থেকে বরিশাল ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।