দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার
ছবি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে থেকে অজ্ঞাতনামা নারীর (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ এপ্রিল) গভীর রাতে ওই নারীকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ উদ্ধার করে ভোরে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ জানায়, শনিবার রাতে ফেনী সদর উপজেলার লালপুলের অদূরে ছিলোনীয়া রাস্তার মাথা এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে অজ্ঞাতনামা নারী মহাসড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে আছেন–এমন খবর পেয়ে ওই স্থানে ছুটে যায় তারা। সেখান থেকে ওই অচেতন নারীকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরো জানায়, ওই নারীর নাম পরিচয় জানা যায়নি। তাঁর আনুমানিক বয়স ৫৫ থেকে ৬০ বছর হবে। গায়ের রং ফর্সা, পরনে ঘিয়ে ও হলুদ রঙের সালোয়ার–কামিজ রয়েছে। তাঁর শরীরের নানা স্থানে জখম দেখে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোন গাড়িতে দুর্ঘটনা ঘটেছে বা কীভাবে আহত হয়েছেন, তার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. কামাল হোসেন জানান, ওই নারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে ফেনী পিবিআই ওই নারীর আঙুলের ছাপ নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এফএম/দীপ্ত সংবাদ