
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি

সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ছড়িয়ে পড়েছে। শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলটির অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রবিবার (১ নভেম্বর) দুপুরের দিকে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া শিল্প পুলিশ–১–এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল–মুসলিম পোশাক কারখানা, টাউজার লাইন ও নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কর্মবিরতি শুরু করেন।
পরে তারা বের হয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে ওই ৩ কারখানার শ্রমিকদের সঙ্গে সংহতি জানিয়ে অন্যান্য পোশাক কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন।
দুপুর ১২টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এ সময় আন্দোলনরত শ্রমিকদের নিবৃত্ত করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ করা এবং শ্রমিক ছাঁটাই বন্ধ করা।
এ ছাড়া, বিভিন্ন অজুহাতে কারখানা কর্তৃপক্ষের ইচ্ছেমতো শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদও জানাচ্ছেন তারা।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রমিকদের তিনটি প্রধান দাবির মধ্যে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ অন্যতম। এ দাবির বিষয়ে রোববার মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এরপরও আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকরা তাদের দাবি আদায়ে রাজপথে নেমেছেন।
আশুলিয়া শিল্প পুলিশ–১–এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। পরিস্থিতির কারণে অন্তত ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।








