নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন বাংলাদেশের নাহিদ রানা। কিউইদের বিপক্ষে বল হাতে গতির ঝড় তুলে এপ্রিল মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মোট ৮ উইকেট শিকার করে আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন নাহিদ রানা। সিরিজের প্রথম ম্যাচে কিছুটা খরুচে হলেও দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দেন কিউইদের ব্যাটিং লাইনআপ। শেষ ম্যাচেও গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে বাংলাদেশের ২–১ ব্যবধানে সিরিজ জয়ে প্রধান ভূমিকা রাখেন তিনি।
এর আগের মাসেও পাকিস্তানের বিপক্ষে সমান ৮ উইকেট নিয়ে দারুণ ফর্মে ছিলেন এই পেসার। দুর্দান্ত এমন পারফরম্যান্সের সুবাদে সিরিজসেরার পর এবার আইসিসির মাসসেরার সম্মানও উঠলো তার হাতে। ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন নাহিদ।