
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে খেলা যেকোনও দলের জন্যই কঠিন এক চ্যালেঞ্জ। বিষয়টি জানা সত্ত্বেও নিজেদের পেসারদের সামর্থ্য নিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর বিশ্বাস, স্বাগতিকদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে বড় প্রভাব রাখতে পারবেন বাংলাদেশের পেসাররা।
আজ রবিবার (১৫ নভেম্বর) দুপুর ২ টায় দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট জোহানেসবার্গেও ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে। ম্যাচটিতে কন্ডিশন কাজে লাগিয়ে কাঙ্খিত ফল পেতে পেসাররা সক্ষম বলে মনে করেন শান্ত।
প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, “বাংলাদেশ ক্রিকেটে, বিশেষ করে এই সংস্করণে, পেস বোলিং সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। আমাদের বেশ কয়েকজন মানসম্পন্ন পেসার রয়েছে, বিশেষ করে এ ধরনের কন্ডিশনের জন্য।
“হাসান, তাসকিনসহ সবাই আমাদের জন্য দারুণ কাজ করছে। আমার বিশ্বাস, এখানে তারা দলের জন্য বিশেষ কিছু করতে পারবে। তাদের দক্ষতা এবং গত কয়েক বছর ধরে নেওয়া প্রস্তুতি অসাধারণ।”
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক টেস্ট সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতির জন্য খুব বেশি সময় পায়নি বাংলাদেশ। তবে শান্ত জানিয়েছেন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত খেলোয়াড়েরা। অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটার তরুণদের পথ দেখাবেন বলেও আশা তাঁর।
তিনি বলেন, “কন্ডিশন অনুযায়ী প্রস্তুতি নেওয়ার মতো পর্যাপ্ত সময় আমাদের হাতে ছিলনা। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের মানিয়ে নিতে হবে। দলের কয়েকজনের এখানে খেলার অভিজ্ঞতা রয়েছে। আমার মনে হয়, তারা সেই অভিজ্ঞতা তরুণদের সঙ্গে ভাগ করে নিতে পারবে।”
বাংলাদেশ এখনো একাদশ চূড়ান্ত করেনি। একজন বাড়তি স্পিনার নাকি অতিরিক্ত ব্যাটার খেলানো হবে, তা নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট।
শান্তর ইঙ্গিত অনুযায়ী, একাদশে তিন পেসার থাকবেন। পাশাপাশি একজন স্পিনারও খেলার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে তাইজুল ইসলামের পরিবর্তে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজকে দেখা যেতে পারে।
শান্ত বলেন, “আমার মনে হয়, তিন পেসার অবশ্যই থাকবে। একজন স্পিনারও থাকা উচিত। কারণ, আমাদের স্পিনাররা ভালো অবদান রাখছে। বিশেষ করে অস্ট্রেলিয়ায় মেহেদী হাসান মিরাজ ভালো করেছে। আমরা এই সমন্বয় নিয়ে মাঠে নামতে পারি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আগামীকাল উইকেট আরেকবার দেখব।”
প্রয়োজনে বিশেষজ্ঞ স্পিনারের পাশাপাশি খন্ডকালীন স্পিনার হিসেবে বোলিং করতে পারেন মুমিনুল হক ও তাওহিদ হৃদয়। টেস্টের আগে নেটে এই দুজনকে বোলিং করতে দেখা গেছে।
অলরাউন্ডারদের অবদানের গুরুত্বও তুলে ধরেছেন শান্ত। তিনি জানান, অনুশীলনে নিয়মিত বোলিং করার জন্য বিশেষজ্ঞ ব্যাটারদেরও উৎসাহিত করা হয়েছে।
গত কয়েক বছর ধরে নেটে নিয়মিত বোলিংয়ের জন্য মুমিনুলকে উৎসাহিত করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তাওহিদ হৃদয়ের বোলিংও দলকে বাড়তি একটি বিকল্প দিতে পারে।
শান্ত জোর দিয়ে বলেন, দক্ষিণ আফ্রিকার ওপর চাপ সৃষ্টি করতে হলে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে হবে বাংলাদেশের ব্যাটিং ইউনিটকে।
তিনি বলেন, “এই কন্ডিশনে পুরো ব্যাটিং ইউনিটের ভালো করা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা উইকেটে সেট হবে, তাদের লম্বা ইনিংস খেলতে হবে। সে তানজিদ তামিম হোক কিংবা অন্য কেউ, বিষয়টি গুরুত্বপূর্ণ।
“এখানে ব্যাটিং অবশ্যই চ্যালেঞ্জিং হবে। আমরা যদি প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করাতে পারি, তাহলে আমাদের বোলিং আক্রমণ খুব ভালোভাবে লড়াই করতে পারবে।”
শান্ত জানান, সাম্প্রতিক ব্যর্থতাগুলো নিয়ে দলের মধ্যে আলোচনা হয়েছে। তবে অতীতের হার নিয়ে পড়ে না থেকে সামনের চ্যালেঞ্জে মনোযোগ দিতে চান তাঁরা।
তিনি বলেন, “মানসিকভাবে সবাই ভালো অবস্থানে আছে। এটা সত্যি যে, আমাদের শেষ দুই–তিনটি ম্যাচ ভালো যায়নি। তবে তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে কীভাবে আরও ভালো করা যায়, সেদিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ।”
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের আগের ওয়ানডে সিরিজ জয়ও দলকে আত্মবিশ্বাস জোগাচ্ছে বলে মনে করেন শান্ত। তাঁর মতে, ওই সাফল্য প্রমাণ করে, এই দেশেও ভালো করার সামর্থ্য রয়েছে বাংলাদেশের।








