দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ

চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার

আল আমিন
আল আমিন
প্রকাশ:
চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) এসপি জাহাঙ্গীর আলম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) এসপি জাহাঙ্গীর আলম। এর আগে তার ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করে নজরদারিতে রাখা হয়েছিল।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন শুক্রবারই পাওয়া যায়। মামলা নথিভুক্ত হওয়ার পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার প্রাথমিক কিছু তথ্য–প্রমাণ পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী। সেদিনই তার ব্যক্তিগত ও দাফতরিক মুঠোফোন দুটি জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য সেগুলো ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

এদিকে এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।

চট্টগ্রাম রেঞ্জ অফিসের সূত্রের বরাতে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ ওঠার পর জাহাঙ্গীর আলমকে তলব করা হয়েছিল।

মামলার এজাহারের বরাত দিয়ে সিএমপির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো মাঠে নামবে বলে উল্লেখ করা হয়। একই বার্তায় ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হওয়ার কথাও লেখা ছিল। বার্তায় বাংলাদেশকে উদ্ধারের কথাও বলা হয়।