২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।
সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সবশেষ গত ২৮ এপ্রিলও স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেদিনও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ পর পর দুই দিন স্বর্ণের দামে বড় পতন দেখলো দেশের বাজার।
বাজুসের তথ্যমতে, চলতি বছর এ নিয়ে এখন পর্যন্ত দেশের বাজারে ৫৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ২৬ বার। গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল।