
জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল সংবাদ মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, অভিনেতা সোহেল খান ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়া জেলার মম ইন পার্ক এন্ড রিসোর্টে অবস্থান করছিলেন।
অন্যদিকে, শাহরিয়ার নাদিম জয় ফেসবুক পোস্টে অভিনেতা সোহেল খানের মৃত্যুর বিষয়টি জানান।
পোস্টে তিনি লিখেন, ‘একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম নসিব। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠলো । রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত।’
জয় আরও লিখেন, ‘সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯ টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।‘
অভিনেতা সোহেল খানের মৃত্যুর খবরে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।








