আর্জেন্টিনা জার্সিতে লিওনেল মেসি‘র শেষ ম্যাচ আগামীকাল। এর মধ্যেই আবেগঘন উপলব্ধি জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
বুরকিনা ফাসোর বিপক্ষে ৭–০ গোলের জয়ের পর মেসির বিদায় নিয়ে কথা বলেন স্কালোনি।
আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মনুমেন্তালে সেই ম্যাচেই জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামবেন মেসি।
মেসির অনুপস্থিতির কথা ভাবতেই স্কালোনির মনে এখন শুধু স্মৃতি ভাসছে।
তিনি বলেন, ‘এখন শুধু নস্টালজিয়াই বাকি। কারণ সে আর থাকবে না।’
স্কালোনি, ‘এখন এটা শুধু ফুটবলের বিষয় নয়। আমাদের খেলা চালিয়ে যেতে হবে। কিন্তু মাঠে তাকে থাকার অনুভূতিটা একেবারেই আলাদা।’
মেসির প্রভাব শুধু তাঁর সতীর্থদের ওপর নয়। প্রতিপক্ষ, প্রতিপক্ষের সমর্থক কিংবা নিজের দলের সমর্থক—সবাইকে তিনি আলাদা কিছু অনুভব করান বলে মনে করেন স্কালোনি।
আর্জেন্টাইন কোচ বললেন, ‘মানুষকে আমি বোঝাতে চাই, ফুটবল মাঠে সে কী ছড়িয়ে দেয়। প্রতিপক্ষকে, সতীর্থকে, প্রতিপক্ষের সমর্থককে, নিজের সমর্থককে—সবাইকে। আমি আর কারও মধ্যে এমন কিছু দেখিনি।’
স্কালোনি বলেন, ‘আর্জেন্টিনা জাতীয় দল থাকবে। কিন্তু স্বাভাবিকভাবেই আর আগের মতো থাকবে না।’
মেসির উত্তরাধিকার শুধু মাঠের জাদুতে সীমাবদ্ধ নয়। অনুশীলন ও প্রস্তুতিতেও তিনি অন্যদের জন্য উদাহরণ বলে মনে করেন স্কালোনি।
আলবিসেলেস্তে কোচর বলেন, ‘সে অসাধারণ একটি উদাহরণ। সবার আগে আসে, সবার শেষে যায়। নিজের যত্ন নেয়। প্রতিটি ম্যাচের জন্য যেভাবে প্রস্তুত হয়, সেটিও অসাধারণ।’
মেসির জাতীয় দলের শেষ ম্যাচ ঘিরে মনুমেন্তালে টিকিট চাহিদাও নজিরবিহীন। ম্যাচটি দেখতে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আগ্রহ।
স্কালোনি বলেছেন, ‘মনুমেন্তাল যদি ৫টি থাকত, পাঁচটিই পূর্ণ হয়ে যেত। আমি সব জায়গা থেকে বার্তা পেয়েছি। কে টিকিট পাবে আর কে পাবে না—এটা বোঝানোই কঠিন হয়ে যাচ্ছে।’
মেসির শেষ ম্যাচটি আবেগে ভরা হবে বলেই মনে করেন আর্জেন্টিনা কোচ।
তিনি বলেন,‘আমি মনে করি, সবার মধ্যে প্রথম অনুভূতিটা হবে আবেগ। লিওর মধ্যেও, অবশ্যই। মনুমেন্তালে সে যখন মাঠে পা রাখবে, সবার জন্যই দিনটি অবিস্মরণীয় হবে।’
তিনি আরও বলেন, ‘আমি এই মুহূর্তের অংশ হতে পেরে কৃতজ্ঞ। দিনটি তার, তার সতীর্থদের। যারা তাকে ফুটবলে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে, দিনটি তাদেরও। তারা এই মুহূর্তটি প্রাপ্য।’
এসএ