
দ্বিতীয় টেস্টের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টে হারের পর আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ। কুঁচকির চোটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ফলে সেঞ্চুরিয়নে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে।
শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুশফিকের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী সোমবার (২৩ নভেম্বর) সেঞ্চুরিয়নে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্ট।
মুশফিকের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘প্রথম টেস্ট চলাকালীন মুশফিক বাম কুঁচকিতে তীব্র ব্যথার কথা জানিয়েছিলেন। টেস্ট ম্যাচের পর তার এমআরআই স্ক্যান করানো হয় এবং রিপোর্টে পেলভিসের হাড়ের চারপাশে কিছুটা প্রদাহ ও জ্বালাপোড়া ধরা পড়েছে।’
চোটের গুরুত্ব তুলে ধরে এই ফিজিও আরও বলেন, ‘এই ধকল কাটিয়ে উঠতে এবং চোট যেন আর না বাড়ে তা নিশ্চিত করতে তার তাৎক্ষণিক বিশ্রাম ও সুনির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন। ফলে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে না।’








