
গোল করে বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন কেনদ্রিক

ফুটবল মাঠে ব্রাজিলের জার্সিতে গোল করার আনন্দের সঙ্গে যোগ হলো জীবনের সবচেয়ে বড় উপহার। প্রথমবারের মতো বাবা হয়েছেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এনদ্রিক। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দার কোলজুড়ে এসেছে তাদের প্রথম সন্তান। ছেলের নামও রাখা হয়েছে বাবার নামের সঙ্গে মিলিয়ে—কেনদ্রিক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেলে সিঙ্গাপুরকে ৭–০ গোলে হারায় ব্রাজিল। ম্যাচের ৩১ মিনিটে বাঁ প্রান্তে বক্সের বাইরে থেকে দুর্দান্ত কোনাকুনি শটে গোল করেন এনদ্রিক।
সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিকের গোল উদ্যাপনটি ছিল ব্যতিক্রমী। গোল করার পর দুই হাতে ভালোবাসার চিহ্ন দেখিয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন রিয়াল মাদ্রিদ তারকা। ম্যাচ শেষে জানা যায়, স্ত্রী ও নবজাতক সন্তানের উদ্দেশ্যেই ছিল তার এই উদযাপন।
ম্যাচ শেষে ‘স্পোরটিভি’কে তিনি জানান, স্ত্রী ও সন্তানের জন্যই এই গোল উৎসর্গ করেছেন। জাতীয় দলের জার্সিতে খেলার প্রেরণা জোগানোর জন্য স্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
স্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, ‘আমার স্ত্রী খুব শক্ত মনের মানুষ। সন্তান জন্ম দেওয়ার পর তাকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমি জানি, বিষয়টি সহজ নয়। সে অসাধারণ একজন স্ত্রী।’
এনদ্রিক ও গ্যাব্রিয়েলির পরিচয় ২০২৩ সালে। ২০২৪ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন তারা। ২০২৫ সালের জুলাইয়ে মাদ্রিদে আয়োজন করেন বিয়ের অনুষ্ঠান। গ্যাব্রিয়েলির বয়স ২৩ এবং এন্দ্রিকের ২০। অর্থাৎ, স্ত্রী তার চেয়ে ৩ বছরের বড়।
গত জুলাইয়ে আয়োজিত বেবি শাওয়ার অনুষ্ঠানে প্রথম সন্তানের নাম প্রকাশ্যে এনেছিলেন এনদ্রিক ও তার স্ত্রী।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র তথ্য অনুযায়ী, ‘কেনদ্রিক’ নামটির সঙ্গে এনদ্রিকের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। মূলত নামটি তার নিজের জন্যই ভেবেছিলেন বাবা–মা। তবে পরবর্তী সময়ে অন্য নাম রাখায় সেটি ব্যবহার করা হয়নি। নামটির সঙ্গে ধর্মীয় তাৎপর্যও জড়িয়ে আছে বলে মনে করেন এই ব্রাজিলিয়ান ফুটবল
ব্যক্তিগত জীবন সাধারণত জনসমক্ষে আনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না এনদ্রিক। সন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার বিষয়ে তার বক্তব্য, পরিবারের প্রতি গুরুত্ব থাকলেও পেশাদার ক্যারিয়ারকেও তিনি সমানভাবে প্রাধান্য দিতে চান। ভবিষ্যতে তার সন্তান জনসমক্ষে আসতে চাইবে কি না, সেই সিদ্ধান্তও সন্তানের ওপরই ছেড়ে দিতে চান তিনি।
এদিকে রিয়াল মাদ্রিদে প্রত্যাশা অনুযায়ী খেলার সুযোগ না পাওয়ায় শীতকালীন দলবদলে ক্লাব ছাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এনদ্রিক জানিয়েছেন, রিয়াল মাদ্রিদকে সহযোগিতা করতে তিনি সব সময় প্রস্তুত।








