জাপানের উত্তর–পূর্বাঞ্চলে ইওয়াতে প্রিফেকচারের পূর্ব উপকূলের কাছে ৭.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালের ব্যস্ত সময়ে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন রাজধানী টোকিওতেও অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬.৯ নির্ধারণ করলেও পরে তা সংশোধন করে ৭.২ বলে জানায়। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৬.৯ বলে উল্লেখ করেছে। বার্তা সংস্থা এপি’র প্রতিবেদন অনুসারে, শক্তিশালী এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।
সরকারের শীর্ষ মুখপাত্র মিনোরু কিহারা জানিয়েছেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর তাদের কাছে আসেনি। সরকারের জরুরি প্রতিক্রিয়া দল মানুষের জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মূল্যায়ন করছে এবং প্রয়োজনে ত্রাণ কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে।